বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে ও সৌদি আরব। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলেই শেষ ৩২-এর পথে এগিয়ে যাবে যে কোনো দল। তাই দুই দলের কাছেই ম্যাচটি কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই।
বিশ্বকাপে এবারই প্রথম খেলছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। অভিষেক আসরেই দারুণ চমক দেখিয়েছে তারা। প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। দুই ম্যাচে অপরাজিত থাকা দলটি এখন নকআউটে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি করেছে।
তবে কেপ ভার্দের রক্ষণকে আরও দৃঢ় হতে হবে। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের ৪৪টি শটের মুখে পড়েছে তারা। যদিও এর মধ্যে মাত্র ৯টি ছিল লক্ষ্যে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত রক্ষণ সামলালেও উরুগুয়ের বিপক্ষে লক্ষ্যে আসা দুটি শট থেকেই গোল হজম করেছে তারা।
অন্যদিকে, সৌদি আরবের শুরুটা ছিল আশাব্যঞ্জক। উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয় গ্রিন ফ্যালকন্সরা। ফলে শেষ ৩২-এ উঠতে হলে কেপ ভার্দের বিপক্ষে ইতিবাচক ফলের বিকল্প নেই।
বিশ্বকাপে সৌদি আরবের রক্ষণগত দুর্বলতা নতুন নয়। ২১টি বিশ্বকাপ ম্যাচে তারা গোল হজম করেছে ৪৯টি। টানা ১৮ বিশ্বকাপ ম্যাচে কোনো ক্লিন শিটও রাখতে পারেনি দলটি। এবারের আসরে দুই ম্যাচে প্রতিপক্ষের ৪৯টি শটের বিপরীতে সৌদি নিতে পেরেছে মাত্র ১০টি শট।
দুই দলের মধ্যে এটি হবে ইতিহাসের প্রথম সাক্ষাৎ। তবে আফ্রিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে সৌদির রেকর্ড খুব একটা খারাপ নয়। আগের পাঁচ ম্যাচে তারা দুটি জয়, দুটি ড্র এবং একটি হার দেখেছে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে অবশ্য সামান্য এগিয়ে রাখা হচ্ছে কেপ ভার্দেকে। অপটার সুপারকম্পিউটার কেপ ভার্দের জয়ের সম্ভাবনা দেখছে ৩৮ শতাংশ। সৌদি আরবের জয়ের সম্ভাবনা ৩৫ দশমিক ৮ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ২৬ দশমিক ১ শতাংশ।
বর্তমান অবস্থায় কেপ ভার্দের নকআউটে ওঠার সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ। অন্যদিকে, স্পেনের কাছে বড় ব্যবধানে হারের পর সৌদি আরবের শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা নেমে এসেছে ৩৪ দশমিক ৬ শতাংশে। ফলে এই ম্যাচটি দুই দলের জন্যই হতে যাচ্ছে ভাগ্য নির্ধারণের লড়াই।