ইংল্যান্ডে অবিশ্বাস্য হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের ডামাডোলে খানিক আড়ালে পড়েন হাসান মাহমুদ। যদিও, দেশের ক্রিকেট ভক্তরা ঠিকই খোঁজ রেখেছেন এই পেসারের। হাসান হতাশ করেননি কাউকে। বরং, অবিশ্বাস্য পারফরম্যান্সে ইংল্যান্ডে গিয়েও কেড়েছেন আলো। রোববার (১৪ জুন) বাংলাদেশ না পারলেও হাসান ঠিকই জিতিয়েছেন নিজ দলকে।

ইংলিশ কাউন্টিতে অভিষেক ম্যাচটা দারুণ পারফরম্যান্সে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশি পেসার হাসান। অভিষেকেই করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। তার বোলিংয়ের ওপর ভর করে ব্ল্যাকপুলে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের (ডিভিশন টু) ম্যাচে ল্যাঙ্কাশায়ারকে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেন্ট। ৩ দিনেই শেষ হয়েছে এই ম্যাচ।

ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ল্যাঙ্কাশায়ারের সামনে রেকর্ড ৪২৪ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়েছিল। কিন্তু হাসান মাহমুদের তোপের মুখে স্বাগতিক দল মাত্র ২৮৩ রানেই অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান খরচায় ৬টি উইকেট নেন হাসান। প্রথম ইনিংসের ৩ উইকেটসহ ম্যাচে মাত্র ১০১ রান দিয়ে তার শিকার ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে সেরা ম্যাচ ও ইনিংস ফিগার।

ম্যাচ শেষে অভিষিক্ত হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রুমন্ড। হাসানের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি। পাশাপাশি তার পারফরম্যান্সকে বিশ্বমানের বলে আখ্যা দেন।

বেল ড্রুমন্ড বলেন, ‘প্রথম ইনিংসে কিথ ডাজিয়ন দারুণ করেছিল। কিন্তু, আজ (গতকাল) হাসান যা করল তা এককথায় বিশ্বমানের পারফরম্যান্স। যখনই ল্যাঙ্কাশায়ারের কোনো জুটি বড় হচ্ছিল, হাসান বোলিংয়ে এসে ব্রেকথ্রু এনে দিয়েছে। ও দুই দিকেই যেভাবে বল সুইং করিয়েছে, তা সত্যিই অসাধারণ দক্ষতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *