আলোচনার জন্য সরকারকে শর্ত দিল দিল্লির বিক্ষোভকারীরা

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে আলোচনায় বসতে হলে সরকারকেই জন্তর মন্তরে আসতে হবে বলে শর্ত দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (২২ জুলাই) সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ সাংবাদিকদের বলেন, সরকার যদি আলোচনা করতে চায়, তাহলে তাদের এখানে (জন্তর মন্তরে) আসতে হবে। আমাদের শর্তগুলো মেনে নিয়েই আলোচনায় বসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ‘দাম্ভিকতা’ ছেড়ে আন্দোলনকারীদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় অংশ নিতে এলে সরকার প্রস্তুত রয়েছে।

তবে এ বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন সিজেপির মুখপাত্র আষুতোশ রাঙ্কা। তিনি বলেন, নিরপেক্ষ কোনো স্থান অথবা জন্তর মন্তরেই আলোচনা হতে পারে। তবে তাদের মূল দাবি থেকে তারা সরে যাবেন না।

আন্দোলনকারীদের প্রধান দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

অভিজিৎ দিপ অভিযোগ করেন, গত সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডাকা হয়েছিল। কিন্তু পরে তাদের ফোন কেড়ে নিয়ে গৃহবন্দি করা হয় এবং সংসদ অভিমুখী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়।

এর আগে সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনার জন্য সিজেপির দুই প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *