জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যেখানে বারবার ভাবতে বলেন, সেখানে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার দর্শনটা যেন একেবারেই উল্টো। তার মতে, আগে ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এরপর যত খুশি ভাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে এমনই এক ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কাজের ব্যস্ততার পাশাপাশি জীবনের নানা মুহূর্ত, ভ্রমণের অভিজ্ঞতা ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই অভিনেত্রী সেখান থেকেও নিয়মিত ছবি ও নানা অভিজ্ঞতা প্রকাশ করছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে সোফায় বসে থাকতে দেখা যায় তাকে। পরনে ছিল লাল টপ ও বাদামি কালারের প্যান্ট। মুখে ছিল তার চেনা মিষ্টি হাসি।
ছবিটির সঙ্গে নিজের একটি ভাবনাও তুলে ধরেছেন অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”
স্পর্শিয়ার এই কথায় যেন প্রচলিত জীবনদর্শনের বিপরীত এক বার্তা উঠে এসেছে। বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। সাধারণত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো-মন্দ নিয়ে ভাবার পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্পর্শিয়ার দর্শনটা যেন একটু আলাদা—জীবনের অনিশ্চিত রোমাঞ্চকে অনুভব করতেই বেশি ভালোবাসেন তিনি।
তার সাম্প্রতিক কর্মকাণ্ডেও যেন এই মানসিকতারই ছাপ দেখা যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শহরটির নানা সাংস্কৃতিক আয়োজন উপভোগ করছেন তিনি। কিছুদিন আগে নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেছেন; জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এরপর ঘুরেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী। ভ্রমণ, সিনেমা ও শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে তার প্রবাসজীবন।

এদিকে অভিনয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।