আ.লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস আলম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাফন ভারতের নয়াদিল্লিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর বালুচর মাঠে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য হন, যা গ্রহণযোগ্য নয়।

শিক্ষা খাতের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিএনপির প্রসঙ্গ টেনে সারজিস আলম আরও বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না।

জনগণকে ভালো ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *