এই দেশ শুধু সরকারি দলের না, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ শুধু সরকারি দলের নয়, এটি ১৮ কোটি মানুষের দেশ। জনগণ জনপ্রতিনিধিদের শুধু সংসদে বসে থাকার জন্য নির্বাচিত করেনি, বরং জনগণের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবাইকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

ত্রাণ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী এটিকে ত্রাণ নয়, উপহার হিসেবে বিবেচনা করে। একটি সংগঠন হিসেবে দলটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি ঘোষণা দেন, চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিশেষ করে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের ভেসে গেছে, তাদের সঠিক তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই পৌঁছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জনগণের প্রাপ্য যেন কোনোভাবেই অসাধু ব্যক্তিদের হাতে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *