কালেভদ্রে অস্ট্রেলিয়া সফরের সুযোগ মেলে বাংলাদেশের। এবারও দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছে টাইগাররা। স্বাগতিকদের তুলোধুনো করে সাড়ে তিন দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। এই জয়ে নতুন একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন থেকেই পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। দারুণ বোলিংয়ে অসি ব্যাটারদের চোখে সরষে ফুল দেখিয়েছেন হাসান মাহমুদ। এরপর ব্যাট হাতে মিচেল স্টার্ক-জস হ্যাজলউডদের শাসন করেছেন তানজিদ হাসান তামিম। অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর তাসমান পাড়ে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমেই ঐতিহাসিক এই জয়ের স্বাদ পেল টাইগাররা। আর এতেই এশিয়ার অন্য দলগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, এশিয়ার বাকি দলগুলোর তুলনায় অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন টাইগাররা। অসিদের মাঠে গিয়ে নিজেদের প্রথম ছয়টি ম্যাচে জয়হীন ছিল পাকিস্তান, তারা সাফল্যের মুখ দেখে সপ্তম ম্যাচে এসে।
এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতের তো অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেতে আরও বেশি সময় লেগেছিল। ১২তম ম্যাচে গিয়ে প্রথম জয় পেয়েছিল তারা। অন্যদিকে, শ্রীলঙ্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি টেস্ট খেললেও কোনো জয়ের দেখা পায়নি। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা এশিয়ান দল কেবল দুটি—ভারত ও বাংলাদেশ।
এদিকে, উইকেটের ব্যবধানে এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।