অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনওর ওপর হামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে করতোয়া নদীতে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করার সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। পরে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় আরেকটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় স্থানীয় বালুদস্যুরা নদীর বাঁধের ওপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের টিমকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গাছের ডাল নিক্ষেপ শুরু করে। বালুদস্যুদের এই হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা প্রদানসহ ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *