নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সাতটি বৈদ্যুতিক খুঁটি সড়কে ভেঙে পড়েছে। গতকাল রোববার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নোয়াখালীর সঙ্গে লক্ষ্মীপুর ও ভোলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে রাস্তার ওপর একে একে সাতটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে সেখানে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এসময় অন্তত ৩ জন আহত হন। ঘটনার পর থেকে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এছাড়া পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চৌমুহনী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকারী ক্রেন নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ভেঙে পড়া খুঁটিগুলো সরানোর কাজ শুরু করেন।
শাহাদাৎ ইসলাম বলেন, সড়ক যোগাযোগ পুনরায় সচল করতে বিদ্যুতের সঞ্চালন লাইন দ্রুত সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।