অটোরিকশাচালককে হত্যার ঘটনায় আসামির বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নগরীর কালিজিরা নদী থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি হত্যাকাণ্ডের শিকার বলে নিশ্চিত করে পুলিশ।
নিহত ওই যুবক হলেন বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি গ্রামের আব্দুল রসিদ মোল্লার ছেলে নাজমুল। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। মরদেহ উদ্ধারের পর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন নিহত নাজমুলের বাবা রসিদ মোল্লা। মামলার পর পরই হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা হলেন একই এলাকার সাইফুল ইসলাম, মিরাজ হোসেন শুভ, রিয়াজ হোসেনের স্ত্রী কামরুন নাহার ও ইউনুসের স্ত্রী ফরিদা বেগম। এ গ্রেপ্তারের খবর জানাজানি হওয়ার পর আসামির বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে এবং জ্বালিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধরা।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।