ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সদর এলাকায় এই সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই পক্ষের মধ্যে তর্ক হয়, যা ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সুজন মিয়াসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।