চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে আজ রোববার (২৬ এপ্রিল) নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছে বাংলাদেশ।
নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স-আপ হয়েই সেমিফাইনালে যেতে হচ্ছে বাংলাদেশকে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ভারত।
সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হিমালয়কন্যা নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ। আজ বিকেলেই ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ ও নেপালের এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু বৃষ্টির কারণে সেদিন খেলা সম্ভব না হওয়ায় আজ নতুন সূচিতে ম্যাচটি মাঠে গড়ায়। শুরু থেকেই আক্রমণ খেলে দুই দল। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু নেপালের শক্ত রক্ষণভাগ এবং রেইডারদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময় শেষে স্কোর দাঁড়ায় ৩৮-৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।