নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। নাড়ির টানে মাত্র একদিন আগে, গত শুক্রবার (২৪ এপ্রিল) তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের মুখে হাফিজুর রহমানকে জিম্মি করে এবং তার হাত-পা বেঁধে ফেলে। এসময় চিৎকার করলে বা কোনো প্রকার শব্দ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ডাকাত দল ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, মূল্যবান কাপড় ও অন্যান্য সরঞ্জাম লুট করে ভোর চারটার দিকে নির্বিঘ্নে পালিয়ে যায়।
ডাকাতি শেষে হাফিজুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। সেখান থেকে তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নারায়ণগঞ্জ জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।