পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০

পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক স্থানীয় একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে বৈধ কাগজপত্রবিহীন চালকদের সরে যাওয়ার নির্দেশ দেন। এসময় যথাযথ কাগজপত্র না থাকায় দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হলে লাইনে থাকা ৩০-৪০ জন চালক উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। 

একপর্যায়ে তারা ইউএনও এবং সঙ্গে থাকা আনসার সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হলেও আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *