গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর সুযোগ নেই : সড়ক পরিবহণ মন্ত্রী

সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেলচালিত পরিবহণের ভাড়া ইতোমধ্যে সমন্বয় করা হলেও গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর এক অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহণ মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। কী কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে তা স্পষ্ট করেছেন সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, ভর্তুকি বাড়ায় এবং পাচারের ঝুঁকি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে জ্বালানি সরবরাহ করায় ভর্তুকির চাপ বেড়েছিল। পাশাপাশি পাচারের ঝুঁকিও বিবেচনায় এনে সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো চাপ ছিল না।  

ভাড়া নির্ধারণে একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া চালুর কথাও তুলে ধরেন মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া-কমার সঙ্গে মিল রেখে দেশে ভাড়াও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে, যা বাস্তবায়নে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না—বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে।

একই সঙ্গে রাজধানীর যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ধাপে ধাপে প্রধান সড়কে এসব যান চলাচল সীমিত করার প্রস্তুতি চলছে এবং এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *