বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা এক সাথে মজলুম ছিলাম, বিনয়ের সঙ্গে বলতে চাই হাজার চেষ্টা করে ওই আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।  

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, দুইটি ভোট এক সঙ্গে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল মেনে নিলেন। তারা দাবি করে ৫১ শতাংশ মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ ৭০ ভাগ গণভোটে হ্যাঁ বলেছে। তারা ৫১ পার্সেন্ট মানেন কিন্তু ৭০ পার্সেন্ট মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই ৭০ পার্সেন্টের রায় যেদিন বাস্তবায়ন হবে বাংলাদেশ থেকে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। 

বিরোধীদলীয় নেতা আরও বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি ভাংচুর করা হয়েছে, তার সহযোদ্ধা-সহযোগীদের নাজেহাল করা হয়েছে—এটা কোন বাংলাদেশ। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম। আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি দুই টুকরো করা হোক, আপনারা চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই।

জামায়াত আমির বলেন, যে বাংলাদেশে শিশু-কিশোর, নারী-বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরু দুরু করে কাঁপবে না, আমরা সেরকম বাংলাদেশ চাই। তারা নিরপাত্তার সঙ্গে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সঙ্গে ঘরে ফিরবে, আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-ক্রিচ কুড়াল দেখতে চাই না। আমরা খাতা-কলম দেখতে চাই। কোনো আদুভাই, দাদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ওপর হামলা করুক, আমরা এটি দেখতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *