বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সুবিধাবাদের রাজীনিত বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। তিনি বলেন, বিএনপির সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, জুলাই বিল্পবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। ৭০ শতাংশ ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সে রায় নিয়ে টালবাহানা করছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বিএনপি এখন যে রাজনীতি করছে, সেটি তাদের দুইটি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাধের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে, তলে তলে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করেছে। ৩০০ আসনে ৩০০ এমপি প্রার্থী এবং গোটা বিএনপি, তাদের অঙ্গ সংগঠনসহ গোটা জনশক্তি তলে তলে না এর পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার, তখন আম-ছালা দুটোই যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান বাধ্য হয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেছেন। হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। এই মুনাফেকি করে, দ্বিচারিতা করে একবার গাঙ পার হতে পেরেছেন । ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন।