মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যসহ বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজ দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারেন, যা আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও ব্যবসায়ীদের নানা সমস্যার কথা প্রতিমন্ত্রীর নিকট তুলে ধরেন। মেয়রের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে তাকে আশ্বস্ত করেন।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এই যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *