শুক্রবার (১৭ এপ্রিল) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। আগামী শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।’
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দলটির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, গত দেড় যুগ ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে যারা গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে তারা প্রত্যাশা করেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা মোট ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হিসাবে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে ১টি আসন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।