প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সফল দরকষাকষি এবং সঠিক ব্যবস্থাপনার কারণে তেলের দাম বর্তমানে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মাহদী আমিন উল্লেখ করেন, সরকারের বর্তমান মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় পর্যায় থেকে দুর্নীতির সম্পূর্ণ অবসান ঘটানো এবং দেশের অর্থনীতিকে একটি টেকসই ও শক্ত ভিতের ওপর দাঁড় করানো। এই লক্ষ্য অর্জনে ফিজিবল বা বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া যেসব প্রকল্প বর্তমানে আশানুরূপ ফলাফল দিচ্ছে না বা অলাভজনক হিসেবে চিহ্নিত হচ্ছে, সেগুলোকে কঠোরভাবে ব্যয় সংকোচনের আওতায় এনে পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, সরকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে স্বচ্ছতা এবং যৌক্তিক বিনিয়োগের ওপর বিশেষ জোর দিচ্ছে।
এসএন/পিডিকে