খুব বেশি লক্ষ্য দিতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। যেটুকু দিয়েছে, গুজরাট টাইটান্সকে পরীক্ষায় ফেলতে পারেনি। দেখেশুনে ব্যাট করে গুজরাট তুলে নিয়েছে সহজ জয়। আজ রোববার (১২ এপ্রিল) লখনৌকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট। ঘরের মাঠেই হারের তিক্ততা পেয়েছে লখনৌ।
ভারত রত্ন অপল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে লখনৌ। জবাবে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে গুজরাট।
রান তাড়ায় গুজরাটকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক শুভমান গিল। আউট হওয়ার আগে ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গিল। দ্বিতীয় উইকেটে জস বাটলারের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন তিনি। বাটলারের ব্যাট থেকে আসে ৩৭ বলে দলীয় সর্বোচ্চ ৬০ রান। দুজনের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে জয় এনে দেন ওয়াশিংটন সুন্দর। ১৩ বলে ২১ করেন সুন্দর।
লখনৌর পক্ষে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, প্রিন্স যাদব ও দিগভেশ রাঠি।
আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লখনৌ সুপার জায়ান্টস। পুরো ইনিংসে ২০ পেরোনো রান করতে পেরেছে মোটে একজন ব্যাটার। বাকিরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২০ রানের কাছাকাছি করেছেন চারজন ব্যাটার।
ইনিংসের সূচনা করতে নেমে দলীয় মাত্র ১৪ রানের মাথায় ফেরেন মিচেল মার্শ। সেটাই শুরু, এরপর নিয়মিত বিরতি দিয়ে সাজঘরের পথ দেখেন লখনৌর ব্যাটাররা।
তিন নম্বরে নেমে ভালো শুরুর পর ১১ বলে ১৮ রান করে ফেরেন ঋষভ পন্ত। এরপর বিদায় নেন ইনিংসে সর্বোচ্চ ২১ বলে ৩০ রান করা এইডেন মার্করাম।
এরপর নিকোলাস পুরান ২১ বলে ১৯, আব্দুল সামাদ ২২ বলে ১৮, মুকুল চৌধুরী ১৪ বলে ১৮, জর্জ লিন্ডে ১০ বলে ১৬ রান করেন। শেষ দিকে ৫ বলে ১২ রান করে দলের রান ১৬০ পার করেন মোহাম্মদ সামি।
গুজরাটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন প্রশিধ কৃষ্ণা। দুইটি উইকেট নেন অশোক শর্মা। আর একটি করে উইকেট যায় মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদার ঝুলিতে।