কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দল আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনের আগে দুই দলের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এমনকি শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলছেন। এ কারণে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণকারী ও শিক্ষার্থীদের হত্যায় জড়িত অনেক দাগি আসামিও এখন জামিন পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, জুলাই হত্যা মামলার আসামিরা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে। জামিনে বেরিয়ে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। বিএনপি যদি মনে করে, তারা বিরোধী দলের কবর খুঁড়বে আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তাহলে ওই কবরে তাদের জায়গাটা হবে সবার আগে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য ২০টি অধ্যাদেশ, অন্য ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুমের শিকার হয়েছিল, ক্ষমতায় আসতে না আসতে তারা সেগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। এ কারণেই তারা ভুল অধ্যাদেশ বাতিল করেছে।
শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সারজিস বলেন, দয়া করে কোনও কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আকাঙ্ক্ষার পক্ষে থাকুক। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন। যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।
এসএন/পিডিকে