হাসপাতালে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে

ভারতের প্রখ্যাত ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি উন্নতির দিকে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, পরবর্তীতে তা গুজব বলে নিশ্চিত করা হয়। আশা ভোসলের নাতনি জানাই ভোসলে বিষয়টি পরিষ্কার করে জানান, মূলত ‘চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণের’ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ৯২ বছর বয়সী এই শিল্পীর চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানাই ভোসলে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি লেখেন, “চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সবকিছু ভালো হবে। শিগগিরই ইতিবাচক খবর জানাব।” হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আশা ভোসলে আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন।

সংগীতের এই জীবন্ত কিংবদন্তির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিনোদন জগতে উদ্বেগের সৃষ্টি হয়। অভিনেতা অনুপম খের, নীল নীতিন মুকেশ, সঞ্জয় কাপুর এবং তানিশা মুখার্জিসহ অসংখ্য তারকা ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন অজস্র কালজয়ী গানে। ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’, ‘পিয়া তু আব তো আজা’ বা ‘দম মারো দম’-এর মতো কয়েক হাজার জনপ্রিয় গানের কণ্ঠ দিয়েছেন তিনি। বয়স ৯০ পার হলেও সম্প্রতি পর্যন্ত তিনি বিভিন্ন লাইভ পারফরম্যান্সে অংশ নিয়ে আসছিলেন। তার সুস্থতার খবর শোনার জন্য এখন অধীর অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি শ্রোতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *