রাজধানীর উত্তরায় ‘উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সে’ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রিমান্ড শেষে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে আছেন মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) ও জিহাদ (১৯)।
এর আগে গত রোববার ঢাকার সিএমএম আদালত প্রত্যেক আসামিতে দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষ হলে তাদের আদালতে আনা হয়।
নথি থেকে জানা গেছে, গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে এক রিকশাচালক ও নিরাপত্তা রক্ষীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর ১৫–২০ জন অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক নিরাপত্তারক্ষী ও কমপ্লেক্সের কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে গুরুতর জখম করেন। ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৬০০-৭০০ জন উত্তেজিত মানুষ লাঠিসোঁটা ও রড নিয়ে কমপ্লেক্সে ঢুকে গ্লাস ভাঙচুর করে। এই ঘটনার পরে কমপ্লেক্সের ইলেক্ট্রিশিয়ান আরিফুল ইসলাম সোমবার (১৫ মার্চ) উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।