এক মাসের জন্য নারী দলের নতুন কোচ নিয়োগ দিল বাফুফে

বেশ কয়েকদিন ধরেই দেশের ফুটবল পাড়ায় গুঞ্জন ছিল অসুস্থ হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। তার পরিবর্তে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই গুঞ্জন অবশেষে সত্যি হলো।

নারী দলের প্রধান কোচ বাটলার অসুস্থ থাকায় তার জায়গায় নারী ফুটবল দলের নতুন কোচ হিসেবে ফরাসি কোচ এরিক মেয়েরকে নিয়োগ দিয়েছে বাফুফে। আপাতত এক মাসের জন্য তাকে এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাফুফে। মূলত আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখেই এরিক মেয়েরকে লাল-সবুজের ডাগআউটে উড়িয়ে আনা হচ্ছে।

আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১ ও ৫ ডিসেম্বর।

বর্তমানে অসুস্থতার কারণে নিজ দেশ ইংল্যান্ডে অবস্থান করছেন নিয়মিত কোচ পিটার বাটলার। তার অনুপস্থিতিতে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুলের অধীনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন ঋতুপর্ণা-আফঈদারা। নতুন কোচের অধীনে মেয়েদের জন্য এখন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *