২০২৭ সালে হলিউড থেকে বিরতি চান জেন্ডায়া-টম হল্যান্ড

হলিউডের ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা বিরতি নিতে চান তারকা জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড। একের পর এক সিনেমা, শুটিং ও প্রচারের ব্যস্ততা সামলে এবার নিজেদের জন্য সময় বের করতে চান তাঁরা। তবে দুজনের বিরতির পরিকল্পনায় রয়েছে কিছুটা পার্থক্য। টম হল্যান্ড ২০২৭ সালে কাজ থেকে বেশি সময়ের বিরতি নেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে, ২০২৬ সালের ব্যস্ততা শেষে কিছুদিন আড়ালে থাকতে চান জেন্ডায়া।

সম্প্রতি ‘দ্য ড্রামা’ সিনেমার প্রচারে ফ্যানডাঙ্গোর ‘বিগ টিকিট’ অনুষ্ঠানে অংশ নেন জেন্ডায়া। সেখানে নিজের কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেন তিনি। ২০২৬ সালে তাঁর একাধিক বড় প্রকল্প মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে ‘দ্য ড্রামা’, ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুম, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। এত ব্যস্ততার পর কিছুদিনের জন্য আড়ালে থাকার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী।

জেন্ডায়া বলেন, ‘এরপর কিছুদিনের জন্য উধাও হয়ে যাব। কিছুটা সময় আড়ালে থাকতে হবে আমাকে।’ অর্থাৎ, চলতি বছরের কাজের চাপ শেষ করে আপাতত বিশ্রাম ও ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা তাঁর।

অন্যদিকে, ২০২৭ সালে কাজ থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন টম হল্যান্ড। ব্রিটিশ জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ২০২৬ সাল তাঁর জন্য বেশ ব্যস্ত হতে যাচ্ছে। তাই পরের বছর কাজ থেকে কিছুটা বেশি সময় দূরে থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

কাজের ক্ষেত্রে নিজের সীমা নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন টম। তাঁর মতে, সব সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। অতিরিক্ত ক্লান্তি নিয়ে কাজ করলে নিজের সেরাটা দেওয়াও কঠিন হয়ে পড়ে। তাই কাজের পাশাপাশি বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের জন্য সময় রাখাকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

জেন্ডায়া ও টম হল্যান্ড দুজনই হলিউডের ব্যস্ত তারকাদের তালিকায় রয়েছেন। তাঁদের সম্পর্কের খবরের পাশাপাশি পর্দার বাইরের নানা সিদ্ধান্ত নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। এবার অভিনয়ের ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার পরিকল্পনায় নতুন করে আলোচনায় এলেন এই তারকা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *