অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজন প্রতারক চক্রের ফেসবুক পেজে প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা দুজন হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার করা দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক পেজের প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।