বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন স্কুলছাত্রীর পরিবারকে বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।
নিখোঁজ তিন স্কুলছাত্রী হলো, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা ও হালিমাতুজ সাদিয়া এবং নবম শ্রেণির রেশমি আক্তার।
শিক্ষা প্রতিষ্ঠানটি জানায়, গত ১০ অক্টোবর রেজিস্ট্রেশন কার্ড নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই ছাত্রীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিন স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় অনুসন্ধান চালিয়ে তাদের সর্বশেষ অবস্থান পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় ছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে বাসে করে তারা কক্সবাজার বা রামুতে গিয়েছে কি না, তার অনুসন্ধান চলছে। এরই মধ্যে আজ দুপুরে একটি মোবাইলফোন নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছে–এমন ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় স্কুলছাত্রীদের পরিবারের কাছে।
একসঙ্গে তিন স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-অংহ্লারী পাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকরা সঙ্গে রয়েছেন। ভিডিওটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান আছে।