বিয়ের প্রলোভনে ধর্ষণ : চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ জানুয়ারি

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক (সাময়িক বরখাস্ত) এনামুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সোহেল রানা এ দিন নির্ধারণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ইশতিয়াক হোসেন জনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর আসামির জামিন বাতিলের আবেদন করা হয়। পরে আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আগামী ১৩ অক্টোবর। এরপর আজ জামিন বাতিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক আগামী ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের দিন পর্যন্ত আসামির জামিন বাড়িয়েছেন।

নথি থেকে জানা গেছে, কলেজের বন্ধুর মাধ্যমে তিন বছর আগে ওই তরুণীর সঙ্গে এনামুল হোসেনের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে এনামুল বিভিন্ন সময়ে মামলার বাদী ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৫ মে রাতে এনামুল ওই তরুণীকে কলাবাগানের পান্থপথের একটি হোটেলে স্ত্রী পরিচয়ে নিয়ে যান। সেখানে নিয়ে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই তরুণী এনামুলকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা করতে থাকেন। এখন বিয়ে করা সম্ভব নয় জানিয়ে এনামুল তাকে জানান, সময় সুযোগ হলে বিয়ে করবেন। এরপর একাধিকবার ওই তরুণী বিয়ের জন্য অনুরোধ করলে এনামুল বলেন, ‘তুমি আগে মাহবুব এ রাব্বানী নামে একজনের সঙ্গে প্রেম করেছিলে। তার সঙ্গে তোমার অন্তরঙ্গ ছবি আছে, যা আমার কাছে আছে। বিয়ের জন্য বেশি চাপাচাপি করলে ছবি ভাইরাল করে দেবো।’ এরপর থেকে এনামুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তরুণী যোগাযোগ করলে তাকে এড়িয়ে চলেন।

এ ঘটনায় ওই তরুণী গত বছরের ২৪ নভেম্বর কলাবাগান থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে এনামুলকে অভিযুক্ত করে গত ৩১ মে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক নাজমা আকতার আদালতে প্রতিবেদন দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *