প্রাতভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রাতভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ফজরের নামাজ শেষে সকালে হাঁটাহাঁটির উদ্দেশ্যে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কায় দিয়ে চলে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পদক্ষেপ নিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তের জন্য মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *