বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ২টি এক্সক্যাভেটর ও ৫টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের দায়ের করা রিট পিটিশন নং ৩৬৭৬/২০১০-এর পরিপ্রেক্ষিতে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অভিযানকালে উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *