এবার একই দলে খেলবেন মেসি ও রোনালদো?

নিজেদের সময় তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম দুই সেরা তারকা—লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তাদের দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। দুজনের মাঠের লড়াই ছাপিয়ে সমর্থকদের মাঝেও প্রায়ই তর্কের টেবিলে জায়গা করে নেয় কে সেরা—মেসি নাকি রোনারদো?

তবে সময়ের সঙ্গে সঙ্গে ফুটবল ইতিহাসের সেই সোনালী অধ্যায়গুলো একে একে ফুরিয়ে আসছে। সম্প্রতি আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। অন্যদিকে, মেসির চেয়ে কিছুটা আগে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা রোনালদো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও, তারও জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার সময় ঘনিয়ে এসেছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

জাতীয় দলের হয়ে মেসি-রোনালদোকে খুব বেশি মুখোমুখি হতে না দেখলেও ক্লাব ফুটবলে প্রায়ই দেখা মিলত দুই তারকার লড়াই। অবশ্য এমন একটি ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকতেন কোটি কোটি ফুটবলপ্রেমী। তবে এই দুই কিংবদন্তিকে কখনোই কোনো দলের হয়ে একই ড্রেসিংরুমে বা একই জার্সিতে খেলতে দেখা যায়নি।

তবে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের সেই সুপ্ত বাসনা ও স্বপ্ন যেন এবার সত্যি হতে চলেছে! ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এবার প্রথমবারের মতো একই দলের হয়ে ফুটবল মাঠে আলো ছড়াতে পারেন মেসি-রোনালদো।

ফুটবল বিশ্বের বহুদিনের এই অসম্ভব কল্পনাকে এবার বাস্তবে রূপ দিতে চান আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। ইতিহাসের দুই বড় তারকাকে এক সুতোয় গেঁথে একই মাঠে সতীর্থ হিসেবে নামানোর এক অভিনব পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘মার্কা’-র এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষেই নিজের দীর্ঘ প্রতীক্ষিত এক জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের বিশাল প্রস্তুতি নিচ্ছেন তেভেজ। ২০২১ সালে পেশাদার ফুটবল থেকে বুটজোড়া চিরতরে তুলে রাখার পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া এই ফরোয়ার্ড তার পুরোনো হোমগ্রাউন্ড বিখ্যাত ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে একটি রাজকীয় বিদায়ী প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছেন।

ইতোমধ্যে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোকা জুনিয়র্স ক্লাবের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকলমে এই বিশেষ আয়োজনের জন্য সম্পূর্ণ অনুমতি দিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক প্রদর্শনী ম্যাচটিতেই ফুটবল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে এক দলের জার্সি গায়ে মাঠে নামানোর পরিকল্পনা করছেন তেভেজ।

কিছুদিন আগে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘ওএলজিএ’-তে এই বিশেষ ম্যাচটির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন কার্লোস তেভেজ। সেখানে তিনি তার এই বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানাতে চান এমন বিশ্বমানের তারকাদের একটি সম্ভাব্য তালিকাও প্রকাশ করেন।

তেভেজের সেই পছন্দের তালিকায় জিয়ানলুইজি বুফন, এডউইন ভ্যান ডার সার, রিও ফার্দিনান্দ, নেমানজা ভিদিচ, জর্জিও চিয়েলিনি, লিয়ান্দো বোনুচ্চি, আন্দ্রে পিরলো, পল স্কোলস থেকে শুরু করে রিকলমে পর্যন্ত—ফুটবলের নামী-দামী সব কিংবদন্তির নাম রয়েছে।

বিশেষ করে মেসি ও রোনালদোকে একই দলে পাওয়ার অসম্ভব মনে হওয়া এই পরিকল্পনা প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসী সুরে তেভেজ বলেন, ‘আমরা তাদের দুজনকেই এক করে দিচ্ছি। ক্রিস্টিয়ানোকে আনার জন্য আমি নিজেই ব্যক্তিগতভাবে গিয়ে তাকে নিয়ে আসব, আর ছোটটিকেও (মেসি) আমি সঙ্গে করে নিয়ে আসব।’

খেলোয়াড়ি জীবনে ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো—উভয় মহাতারকার সঙ্গেই একই দলে খেলার দুর্লভ সৌভাগ্য হয়েছিল কার্লোস তেভেজের। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছেন মোট ৪৭টি ম্যাচে। আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে সতীর্থ হিসেবে খেলেছেন মোট ৮০টি ম্যাচ।

এখন দুই মহাতারকার সেই পুরোনো সতীর্থই চাচ্ছেন ফুটবলের ইতিহাসে অমর এক মুহূর্ত তৈরি করতে, যেখানে একই দলের জার্সি পরে ফুটবলপ্রেমীদের আরও একবার মন্ত্রমুগ্ধ করবেন এই দুই কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *