চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা-ছেলে হচ্ছেন উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল ঝাবুবাজার গ্রামের আয়েশ উদ্দীন (৭৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় নাচোলের সোনাইচণ্ডী হাট থেকে আসা গরুবাহী ভটভটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ভটভটি আরোহী ১০ গরু ব্যবসায়ী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশ ও শরিফুল মারা যান। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ভটভটিতে ১০ জন গরু ব্যবসায়ী ও চারটি গরু ছিল।