ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিজেদের বসতঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। তার স্বামী মাদকাসক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যার দিকে তারা দুজন একসঙ্গে ভুক্তভোগীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান ওই কক্ষে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শাহজাহান সেখান থেকে পালিয়ে যান বলেও অভিযোগে বলা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। ভুক্তভোগী আমাদের হেফাজতে রয়েছেন। আগামীকাল তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।