বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক(এসআই) ইকবাল হোসেন তাদের হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া। এদের মধ্যে ফারজানার একদিন ও অন্য ১৪ জনের তিনদিন করে রিমান্ডে নিতে আদেশ দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্র বিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করেন। এই সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার পর পুলিশ অভিযান চালিয়ে রুমের ভেতর থেকে আসামিদের আটক করেন। এ সময় অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২২ জন আসামি কৌশলে পালিয়ে যান। তল্লাশি করে রুমের টেবিলের ড্রায়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরকাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা নিষিদ্ধ সংগঠন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে জানান।
এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়।