সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদলনেতার মৃত্যু

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যোগ দিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া যুবদলনেতা জি এম মনির হোসেন।

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যোগ দিয়ে অসুস্থ হয়ে যুবদলনেতা জি এম মনির হোসেনের (৫৪) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর কাঠপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত যুবদলনেতা জি এম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা এবং তিন সন্তানের বাবা।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদল মিছিল বের করে। জি এম মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নেন। মিছিল নিয়ে কাঠপট্টি এলাকায় যাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবলু বলেন, চিকিৎসক জানিয়েছেন—হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনির হোসেনের মৃত্যু হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মনির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।’

যুবদলনেতা জি এম মনির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিএনপি ও যুবদলের নেতারা।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *