জয়পুরহাটে সাজেদা হত্যা মামলায় কম্পিউটার অপারেটরসহ ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড।
জয়পুরহাট শহরের চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।
মামলার বিবরণ ও প্রসংগসূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় তার ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকার কারণে বাসায় তিনি মেয়েকে নিয়ে একাই থাকতেন। মেয়ের স্কুলের সূত্র ধরে স্থানীয় এক কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়।
ঘটনার দিন ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যায়। সেই সুযোগে আসামিরা গৃহবধূর ফাঁকা বাসায় ঢুকে অনৈতিক প্রস্তাব দেয়। সাজেদা এতে শক্ত বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার মুখে কস্টেপ পেঁচিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মাকে ঘরের মেঝেতে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনার পর নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।
sn/sks