ঢাকার ধামরাইয়ে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে এক আরোহী। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাত পরিচয় অটোরিকশার চালক (৪০)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে অজ্ঞাত একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, মরদেহগুলো হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।