যৌতুক না পেয়ে এসিড নিক্ষেপে গৃহবধূকে হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবি

লালমনিরহাটে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ আমেনা বেগমকে (২৮) নির্যাতন ও গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আদালতে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার খাতাপাড়া গ্রামের আমেনা বেগমের সঙ্গে ২০১৬ সালে একই উপজেলার বড় কমলাবাড়ি এলাকার আফজাল হোসেনের (৩২) বিয়ে হয়। বিয়ের সময় দাবি করা তিন লাখ টাকা যৌতুকের মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকার জন্য তার ওপর নির্যাতন চালানো হতো। ২০১৭ সালের ২ মার্চ রাতে যৌতুকের বাকি টাকা দিতে অস্বীকার করায় স্বামী আফজাল হোসেন আমেনার গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করেন এবং অন্য আসামিদের সহায়তায় তাকে মারধর করা হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট আমেনার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে চিকিৎসকেরা মূত্র ও প্রজনন অঙ্গে এসিডজনিত গুরুতর আঘাত, কিডনি বিকলতা এবং অন্যান্য শারীরিক জটিলতার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় আমেনার ভাই জাকির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর গত ৪ সেপ্টেম্বর মামলার ৩ নম্বর আসামি আছিয়া বেগমকে (৫২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

মানববন্ধনে নিহত আমেনার মা জাহানারা বেগম, নানা লোকমান হাকিম ও ভাই জাকির হোসেনসহ স্থানীয়রা বক্তব্য দেন। তারা দ্রুত প্রধান আসামিসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *