পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের দুই বছরের শিশুকন্যা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেছে।
নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেজ মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টি খাতুন তার দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের উদ্দেশ্যে সিএনজিতে রওনা হন। পথে সানিলা লিনজা পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। এতে বৃষ্টি খাতুন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ সময় কোলে থাকা শিশুটি কোনো ধরনের আঘাত ছাড়াই অক্ষত থাকে।
মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
sn/sks