হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে (২৪) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ তার কর্মস্থল জননী কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে মিছিল দেখছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন রাজুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট মামলা দায়ের করেন। গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *