ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদের বিরুদ্ধে মামলা করবে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রীসহ শ্যালকের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে কমিশন সচিব সাইদুর রহমান খান এ কথা জানান।

সাইদুর রহমান খান বলেন, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজের পাশাপাশি স্ত্রী, শ্যালক, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়। দুদকের অনুসন্ধানে শেখ মামুন খালেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫ টাকা, তার স্ত্রী নিগার সুলতানার বিরুদ্ধে ৫৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকা এবং শ্যালক শেখ আমিনুর রহমানের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়। পরে তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় আলাদা মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অনুসন্ধান করে। দলের অন্য সদস্যরা হলেন—সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও পিয়াস পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *