ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল

একদিকে কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে লামিনে ইয়ামাল। বিশ্বের সেরা দুই খেলোয়াড় হিসেবে নিজেদের দেখছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। শুধু তাই নয়, ট্রফিতে ভরা ২০২৬ সালের পর এবার ব্যালন ডি’অরও নিজের প্রাপ্য বলে সরাসরি দাবি করেছেন বার্সা তারকা।

রবিবার মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমার কাছে এমবাপ্পে আর আমি বিশ্বের সেরা দুই খেলোয়াড়।’

এরপর নিজের দাবিটা আরও পরিষ্কার করে দেন তিনি, ‘সত্যি বলতে, বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে হয়তো আমরা দুজনই। আর এ বছর আমি যা জিতেছি, তার জন্য এটা (ব্যালন ডি’অর) পাওয়ার যোগ্য।’ 

ইয়ামালের দাবির পেছনে অবশ্য শক্ত ভিত্তি রয়েছে। তার অসাধারণ পারফরম্যান্সে বার্সেলোনা লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি, স্পেনের হয়ে এবারের গ্রীষ্মে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যে ভরা বছরই তাকে ব্যালন ডি’অরের অন্যতম বড় দাবিদারে পরিণত করেছে।

তবে কয়েক দিন আগেও ব্যালন ডি’অর নিয়ে কিছুটা সংযত ছিলেন ইয়ামাল। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘অবিশ্বাস্য’ একটি মৌসুম কাটানোর পর তার পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। তবে ভোট পাওয়ার জন্য কারও কাছে অনুরোধ করবেন না বলেও জানিয়েছিলেন।

এদিকে ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে নিজেকে জোরালোভাবে তুলে ধরেছেন এমবাপ্পেও। ফ্রান্সের অধিনায়ক লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে তার ব্যক্তিগত সাফল্যের বিপরীতে এবার রিয়াল মাদ্রিদ কোনো বড় ট্রফি জিততে পারেনি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *