চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা থাকে

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ উড়োজাহাজ বোয়িং ৭৪৭-৮ ও বুলেটপ্রুফ গাড়ি হংচি এন৭০১।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফরের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত ও নিরাপত্তার বলয়ে সম্পন্ন করা হয়। সফরকালে তিনি কোনো সাধারণ বিমান বা বিলাসবহুল গাড়িতে চড়েন না। তার যাতায়াতের জন্য প্রস্তুত রাখা হয় বিশেষ বিমান ও বুলেটপ্রুফ রাষ্ট্রীয় গাড়ি। যার প্রতিটিতেই থাকে সর্বাধুনিক নিরাপত্তা ও এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গেছে। ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পৌঁছানোর পর আবারও আলোচনায় এসেছে তার এই বিশেষ সফরসঙ্গী প্রযুক্তিগুলো।

চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান

বিদেশে ভ্রমণের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং ‘এয়ার চায়না’ পরিচালিত একটি বিশেষভাবে পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল উড়োজাহাজ ব্যবহার করেন। ২০১৪ সালের শেষের দিকে বিমানটি বাণিজ্যিক যাত্রীসেবায় যুক্ত হলেও ২০১৫ সালের মে মাসে তা বাণিজ্যিক রূপ থেকে সরিয়ে ভিআইপি সুবিধার জন্য পরিবর্তন করা হয়। পরে ২০১৬ সালে এটি চীনের প্রধান রাষ্ট্রীয় বিমান সেবায় যুক্ত হয়।

এর আগে চীন রাষ্ট্রীয় সফরের জন্য সাধারণ বোয়িং ৭৪৭-৪০০ বিমান সাময়িকভাবে রূপান্তর করে ব্যবহার করত। সফর শেষে সেগুলোকে আবার সাধারণ যাত্রী পরিবহণে ফিরিয়ে দেওয়া হতো। তবে বর্তমান বোয়িং ৭৪৭-৮ বিমানটি স্থায়ীভাবে রাষ্ট্রীয় বিমান হিসেবে প্রস্তুত করা হয়েছে।

এই বিমানটিতে স্যাটেলাইটভিত্তিক বিশেষ এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ফলে বিদেশে থাকা অবস্থায়ও প্রেসিডেন্ট বেইজিংয়ের সামরিক ও সরকারি কমান্ড সেন্টারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারেন। এতে থ্রেট-ডিটেকশন সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস সুরক্ষাও রয়েছে। বিমানের ভেতরে শি জিনপিংয়ের জন্য ব্যক্তিগত নির্বাহী কক্ষ, বেডরুম ও কনফারেন্স এরিয়া রয়েছে।

বুলেটপ্রুফ সাঁজোয়া লিমোজিন

বিমান থেকে মাটিতে নামার পরই শি জিনপিংয়ের নিরাপত্তা ও যোগাযোগের দায়িত্ব নেয় চীনের বিশেষ রাষ্ট্রীয় বুলেটপ্রুফ গাড়ি ‘হংচি এন৭০১’। ‘হংচি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’। ১৯৫৮ সাল থেকে এই ব্র্যান্ডটি দেশটির রাজনৈতিক নেতৃত্বের জন্য বাহন তৈরি করে আসছে।

হংচি এন৭০১ কেবল একটি বিলাসবহুল গাড়ি নয়, এটি চীনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি সাঁজোয়া লিমোজিন। এর আগে মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও হংকং সফরেও শি জিনপিং এই গাড়ি ব্যবহার করেছেন।

আনুমানিক ৫.৫ মিটার (১৮ ফুট) দীর্ঘ এই লিমোজিনে রয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাঁচ, শক্তিশালী সাঁজোয়া প্লেটিং এবং ২১ ইঞ্চির বুলেটপ্রুফ চাকা ও টায়ার। যেকোনো ছোটখাটো বিস্ফোরণ সহ্য করতে সক্ষম এই গাড়িটি। এমনকি রাসায়নিক হামলার সময় ভেতরে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্য এতে বিশেষ এয়ার-কম্প্রেশন সিস্টেমও যুক্ত রয়েছে।

উল্লেখ্য, অতীতে চীনের নেতারা বিদেশ সফরের সময় আয়োজক দেশের দেওয়া গাড়ি ব্যবহার করতেন। তবে ২০১৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরকালে শি জিনপিং প্রথম নিজ দেশের হংচি গাড়ি ব্যবহারের মাধ্যমে সেই ধারায় পরিবর্তন আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *