নাম পাল্টে মহম্মদপুরের মধুমতি নদীতে নৌকা বাইচের উদ্যোগ

দুই বছর পর মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে আওয়ামী আমলের নাম পরিবর্তন করে নৌকা বাইচ আয়োজনের উদ্যোগ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে এক সভায় সংস্কৃতি মন্ত্রী এ উদ্যোগের কথা জানান। সেই সঙ্গে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এবার মহম্মদপুরের মধুমতি নদীতে নৌকা বাইচ হবে। আপনারা একটা নাম ঠিক করবেন। সেই নামটা রাজা সীতারাম রায় হতে পারে। সবাই মিলে ঠিক করতে হবে। এই নৌকা বাইচের প্রদর্শনী এবার অন্য রকম হবে, দেখার মতো হবে।  এখানে ঢাকা থেকে লোকজন আসবে।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, আমার থানায় যাতে এটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ হয়, সেটা মহম্মদপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে।

স্থানীয়রা জানায়, মধুমতি নদীতে দীর্ঘদিন ধরে আওয়ামী আমলের তৎকালীন এমপি ড. বীরেন শিকদারের পিতা বিহারী লাল শিকদারের নামে নৌকা বাইচের আয়োজন করা হতো। এটা সরকারিভাবে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজন করত। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নাম পরিবর্তন করে এটি আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা বলেন, নৌকা বাইচটি আগামী ১ নভেম্বর হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে নাম ঠিক করে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *