ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ স্মারকলিপি দেয় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে কওমি ছাত্র ঐক্য পরিষদ ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়েছে।
আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান।
গতকাল শনিবার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়।
সমঝোতা অনুযায়ী কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর মূল ক্যাম্পাসে কনসার্টের পরিবর্তে দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিসহ অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমও যথারীতি পরিচালিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাধিক ছাত্রপ্রতিনিধি জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের প্রতি সম্মান রেখে নেওয়া এ সিদ্ধান্ত একটি ইতিবাচক দৃষ্টান্ত। দাবির প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘কলেজের লোকজন ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে আলোচনার পর একটি সমঝোতা হয়েছে।’