ময়মনসিংহে ইলিম উদ্দিন হত্যা মামলায় জজ মিয়া (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
আদালতের নথি সূত্রে জানা যায়, পাগলা থানার মো. মাসুদ (২৭)-এর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী জজ মিয়ার বিরোধ ছিল। ২০১৬ সালের ১৬ জানুয়ারি সকালে জজ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করে। এ সময় মাসুদের বাবা ইলিম উদ্দিন, চাচা কলিম উদ্দিন, শামছুদ্দিন ও হাফিজ উদ্দিন বাধা দিলে বিবাদী পক্ষের গোলাপ বেপারীর হুকুমে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে মাসুদের বাবা ইলিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই মাসুদ বাদী হয়ে জজ মিয়াসহ ৯ জনকে আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে জজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।