স্লিপার বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ পরিবহণের বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। বাসটি সেখানে থামার কিছুক্ষণ পরই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সদর দক্ষিণ ফার্স্ট স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার ফায়টাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ফলে বাসের ক্ষতি হলেও ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *