ব্রিকস সম্মেলন ২০২৬

ভারতে পৌঁছালেন পুতিন, নজর কাড়ল নিরাপত্তার বিশেষ কৌশল

ভারতের নয়া দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে কড়া নিরাপত্তায় বিশেষ বিমানে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। খবর এনডিটিভির।

বিশ্বের অন্যতম শক্তিধর নেতা হিসেবে পুতিনের এই সফর ঘিরে ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। তিনি হুবহু একইরম দেখতে দুটি উড়োজাহাজের বহর নিয়ে সফরে আসেন। এর মধ্যে একটি মূলত বিভ্রান্তি তৈরির ছদ্মবেশী বিমান হিসেবে ব্যবহার করা হয়। পুতিন ঠিক কোন বিমানটিতে উঠেছেন, তা গোপন রাখতেই একই সঙ্গে দুটি বিমান উড্ডয়ন করে। অতিরিক্ত নিরাপত্তার জন্য মস্কো নিয়মিতভাবে এই কৌশল ব্যবহার করে থাকে।

পুতিনের এই বিশেষ উড়োজাহাজটির নাম ‘ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ’। এটিকে প্রায়শই ‘ফ্লাইং ক্রেমলিন’ বা ‘ডুমসডে প্লেন’ বলা হয়। ১৯৮০-এর দশকে ইলিউশিন ডিজাইন ব্যুরো এটি তৈরি করে। এটি একটি দীর্ঘ পাল্লার, চার ইঞ্জিনের রাশিয়ান উড়োজাহাজ। সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার শীর্ষ নেতৃত্বকে সুরক্ষার জন্য এটি প্রস্তুত করা হয়েছে।

এই উড়োজাহাজে ‘আভিয়াদভিগাটেল পিএস-৯০এ’ টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে। এটি একবারে প্রায় ১১ হাজার কিলোমিটার উড়তে পারে। ফলে দীর্ঘ যাত্রায় বারবার জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না। ৫৫.৩৫ মিটার দীর্ঘ এবং ৬০.১২ মিটার ডানা বিশিষ্ট এই বিমানটি পরিচালনা করে রাশিয়ার ‘বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন’।

জাতীয় জরুরি মুহূর্তে এই বিমানটি পূর্ণাঙ্গ মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। এতে এনক্রিপ্ট করা যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সামরিক, গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কে যোগাযোগ রক্ষা করা যায়। উড়োজাহাজটিতে রাডার-জ্যামিং প্রযুক্তি এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

উচ্চ নিরাপত্তার পাশাপাশি উড়োজাহাজটি অত্যন্ত বিলাসবহুল। এতে প্রেসিডেন্সিয়াল স্যুট, বেডরুম, বিলাসবহুল বাথরুম, কিচেন, ডাইনিং এরিয়া এবং কনফারেন্স রুম রয়েছে। এছাড়া বিমানের ভেতরের সাজসজ্জায় সোনার প্রলেপযুক্ত ফিটিংস, মূল্যবান কাঠ এবং প্রিমিয়াম চামড়া ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *