ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। এদের মধ্যে চার নারী ও ৪৩ পুরুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আড়াই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সবাই ভারতের তামিলনাড়ু রাজ্যে যান। পরে সেখানে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন।
সাইফুর রহমান আরও জানান, সাজার মেয়াদে শেষে এদের তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় দেওয়া হয়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগের ভিত্তিতে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ রাত ৮ টায় তারা দেশে ফিরেছেন। এদের সবার বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এরপর তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিও তাদের গ্রহণ করে।